চাঁদে সালফারের সন্ধান পেল ভারতের রোভার ‘প্রজ্ঞান’
চাঁদের কুমেরু বা দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পেয়েছে ভারতের রোভার ‘প্রজ্ঞান’। ইসরো জানিয়েছে, সালফারের পাশাপাশি অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের খোঁজও মিলেছে চাঁদের দক্ষিণ মেরুতে।
২০১৯ সালে চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পরপরই চন্দ্রযান-৩ নিয়ে কাজ শুরু করে ইসরো। এরপর ১৬ জুলাই এটাকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪০ দিন পর ২৩ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদে অবতরণ করতে শুরু করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর পর থেকেই টুইটারে ইসরো প্রায় প্রতিদিনই চাঁদে বিক্রম আর প্রজ্ঞানের গতিবিধি এবং কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে।
এক বার্তায় ইসরো জানায়, ঠিকমতো কাজ করছে রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর রহস্য সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে রোভার। বিক্রম ও প্রজ্ঞার মধ্যে যোগাযোগও ঠিক রয়েছে।







